ভারতে আড়াই বছর সাজা ভোগ করে দেশে ফিরেছে দুই বাংলাদেশী যুবক। গতকাল সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেছে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ।

ফেরত আসা যুবকরা হলেন সাতক্ষীরা জেলার দেবহাটা থানার পারুলিয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে কামাল হোসেন (২৬) এবং ঢাকার শ্যামপুর পশ্চিম জুরাইনের হামিদ ফরাজির ছেলে সুলতান ফরাজি।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বিশ্বাস জানান, দেশে ফেরত আসা ওই দুই যুবক আড়াই বছর আগে সীমান্ত দিয়ে ভারতে যান। কলকাতার রেলস্টেশনে ঘোরাঘুরির এক পর্যায়ে পুলিশের হাতে আটক হন তারা। সেখান থেকে পুলিশ তাদের জেলহাজতে পাঠায়। ভারতের আদালত তাদের সাজা দেন। সেখান থেকে কলকাতার লিলুয়া নামে একটি শেল্টার হোম তাদের ছাড়িয়ে নিজেদের হেফাজতে নেয়। দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দীর্ঘদিন চিঠি চালাচালির একপর্যায়ে তাদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়।