সাতক্ষীরার শ্যামনগরে বিদ্যুতের মেইন লাইনে জড়িয়ে মো. শোকর আলী (৪০) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে উপজেলার কৈখালী ইউনিয়নের জয়াখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শোকর আলী শ্যামনগর উপজেলার শৈলখালী গ্রামের মৃত শওকাত আলীর ছেলে। বিদ্যুতের মেইন লাইনের পাশঘেঁষে নির্মাণাধীন বহুতল ভবনে কাজ করতে গিয়ে তিনি দুর্ঘটনার শিকার হন।
নিহতের সহকর্মী নুরুজ্জামান জানান, নির্মাণাধীন বহুতল ভবনের চার তলার ব্যালকনি প্লাস্টারের জন্য মাচা তৈরির কাজ করছিলেন শোকর আলী। এ সময় ভবনের সামনের সড়কের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের ৪২০ ভোল্টের মেইন লাইনের তার শোকর আলীর পিঠে জড়িয়ে যায়। উপস্থিত অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের অভিযোগ, নির্মাণাধীন ভবনের ব্যালকনি রাস্তার ওপরে চলে এসেছে। অপরিকল্পিতভাবে নির্মিত ভবনের কারণে বিদ্যুতের তারে জড়িয়ে শোকর আলীর মৃত্যু হয়েছে। তারা ভবন মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান।
নির্মাণাধীন ভবনের মালিক ওমর আলী জানান, রেকর্ডি জায়গায় তিনি ভবন নির্মাণ করছেন। প্রায় তিন ফুট দূরত্বে রয়েছে বিদ্যুতের তার। শোকর আলী অসতর্কতার কারণে দুর্ঘটনার শিকার হয়েছে।
শ্যামনগর থানার ওসি জানান, দুর্ঘটনাজনিত মৃত্যু হওয়ায় নিহতের পরিবার মরদেহ বাড়িতে নিয়ে দাফনের কথা জানিয়েছে।









