প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রায় স্বস্তি আনতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তিনি বলেন, রাজশাহী জেলায় এক লাখ মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য কেনার কার্ড দেয়ার প্রক্রিয়া চলছে। সারা দেশে দারিদ্র্যসীমার নিচে থাকা প্রায় পাঁচ কোটি মানুষের মধ্যে অন্তত এক কোটি প্রকৃত দরিদ্র মানুষকে টিসিবির কার্ডের আওতায় আনা হবে।
আজ সোমবার (৩০ ডিসেম্বর) বিকালে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে টিসিবি কার্যক্রম নিয়ে স্থানীয় অংশীজনদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে রাজশাহী জেলা প্রশাসন।
শেখ বশির উদ্দিন বলেন, সম্পদের সীমাবদ্ধতার কারণে সব দরিদ্র মানুষকে টিসিবি কার্ড দেয়া সম্ভব নয়। তবে স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে ইউনিয়ন পর্যায়ে প্রকৃত উপকারভোগী নির্বাচন করা হবে। টিসিবি কার্ড বিতরণে স্বচ্ছতা ও শৃঙ্খলা আনতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
আসন্ন রমজান ও ঈদ সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুদ নিশ্চিত করা হয়েছে বলে জানান বাণিজ্য উপদেষ্টা। তিনি বলেন, বাজারে পণ্যের দাম স্থিতিশীল রাখতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।
টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা ইকবাল বলেন, এক কোটি ফ্যামিলি কার্ডের মধ্যে ৫৭ লাখ কার্ড স্মার্ট কার্ডে রূপান্তর করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে কোনো কার্ডে অনিয়ম ধরা পড়লে তা বাতিল করা হবে। বাকি ৪৩ লাখ কার্ডের কাজও চলছে।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার। এছাড়া উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আলমগীর রহমান, আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার তরফদার মো. আক্তার জামীল, পুলিশ সুপার ফারজানা ইসলামসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।
অনুষ্ঠান শেষে বাণিজ্য উপদেষ্টা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এর আগে তিনি রাজশাহীর বিভিন্ন এলাকায় টিসিবির উপকারভোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের অভিজ্ঞতা ও সমস্যা শোনেন।










