উপজেলার কলাপাড়া বাজারের লঞ্চঘাটসংলগ্ন এলাকায় প্রতি মঙ্গলবার বসে এ শতবর্ষী হাট। ভোর থেকেই দূর-দূরান্তের কারিগররা বিভিন্ন আকারের কাঠের নৌকা নিয়ে হাজির হন। সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে ক্রেতা-বিক্রেতাদের কোলাহল, দরকষাকষি আর নৌকা বাছাইয়ের ব্যস্ততায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা। বর্ষা মৌসুমে এ হাট যেন উপকূলের মানুষের জীবন-জীবিকার এক প্রাণচঞ্চল মিলনমেলায় পরিণত হয়।

স্থানীয়দের ভাষ্য, বহু প্রজন্ম ধরে চলে আসা এ নৌকার হাট শুধু একটি বাণিজ্যিক বাজার নয়; এটি উপকূলীয় জনপদের ঐতিহ্য, সংস্কৃতি ও জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।

হাটে ছোট ডিঙ্গি থেকে শুরু করে মাছ ধরা, ধান পরিবহন ও খাল-বিলে চলাচলের উপযোগী বিভিন্ন আকারের কাঠের নৌকা বিক্রি হয়। আকার, কাঠের মান ও নির্মাণশৈলীর ওপর ভিত্তি করে নৌকার দাম ৩ হাজার থেকে শুরু হয়ে ১০ হাজার টাকা পর্যন্ত। উন্নতমানের কাঠ দিয়ে তৈরি বড় নৌকার দাম ২০ হাজার টাকা কিংবা তারও বেশি হয়।

স্থানীয় কারিগররা জানান, একটি নৌকা তৈরি করতে কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ সময় লাগে। মৌসুম শেষে সঠিকভাবে সংরক্ষণ করলে একটি নৌকা অনায়াসে তিন-পাঁচ বছর ব্যবহার করা যায়।

বর্ষা মৌসুমে এসব নৌকার চাহিদা বেশি থাকে। উপকূলীয় এলাকার কৃষকরা জলাবদ্ধ জমি থেকে ধান আনা-নেয়া, জেলেরা নদী-খাল ও বিলে মাছ ধরা এবং গ্রামীণ মানুষ দৈনন্দিন যাতায়াত ও পণ্য পরিবহনে এসব নৌকা ব্যবহার করেন। অনেক ব্যবসায়ী একসঙ্গে একাধিক নৌকা কিনে পাশের উপজেলা ও জেলার বিভিন্ন হাটে নিয়ে বিক্রি করে লাভবান হন।

নৌকা নির্মাতা হোসেন শিকদার বলেন, ‘আমাদের পরিবারে কয়েক পুরুষ ধরে নৌকা তৈরির কাজ চলছে। বর্ষা এলেই বিক্রি বেড়ে যায়। এ হাটই আমাদের বছরের বড় আয়ের ভরসা।’

চাকামইয়া ইউনিয়নের বাসিন্দা ও ক্রেতা মো. সোহেল হোসেন বলেন, ‘স্থানীয়ভাবে তৈরি নৌকাগুলো মজবুত ও টেকসই। দামও তুলনামূলক কম। তাই প্রতি বর্ষায় এখান থেকেই নৌকা কিনি।’

জেলে মজিবুর রহমান বলেন, ‘নৌকা ছাড়া আমাদের জীবিকা কল্পনাই করা যায় না। মাছ ধরা থেকে শুরু করে নদীতে চলাচল সবকিছুই এ নৌকার ওপর নির্ভরশীল।’

স্থানীয়দের মতে, এ হাটকে ঘিরে শুধু কারিগররাই নন, কাঠ ব্যবসায়ী, পরিবহন শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ীসহ বহু মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়। ফলে প্রতি মঙ্গলবার কলাপাড়া বাজারে এক প্রাণবন্ত উৎসবের আবহ তৈরি হয়।

সচেতন মহলের দাবি, উপকূলীয় জনপদের শতবর্ষী এ ঐতিহ্য সংরক্ষণে সরকারি উদ্যোগ, কারিগরদের প্রশিক্ষণ ও ক্ষুদ্র ঋণ সুবিধা নিশ্চিত করা হলে কাঠের নৌকা শিল্প আরো বিকশিত হবে। পাশাপাশি এ ঐতিহ্যবাহী নৌকার হাটকে পর্যটনের সঙ্গেও যুক্ত করা সম্ভব।

প্রতি মঙ্গলবারের এ কাঠের নৌকার হাট কেবল একটি বাজার নয়; এটি উপকূলের মানুষের সংগ্রাম, ঐতিহ্য, কর্মসংস্থান ও বর্ষার জীবন্ত ইতিহাসের এক অনন্য প্রতিচ্ছবি।