বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন অন্তত ১০ জন। আজ বুধবার বিকেল পাঁচটার দিকে শেরপুরের মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর আমবাগান নামক স্থানে ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। আহতদেরকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ও বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে দুর্ঘটনায় হতাহতদের নাম পরিচয় এখনো জানা সম্ভব হয়নি।


বগুড়া শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা নাদের হোসেন জানান, ঢাকা থেকে বগুড়াগামী হানিফ পরিবহনের দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস ঢাকা মহাসড়কের মির্জাপুর আমবাগান নামক স্থানে উল্টোদিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজির পাঁচজন যাত্রী নিহত হন। সেইসঙ্গে বাস ও সিএনজির যাত্রী মিলিয়ে আরো ১০ জন আহন হন। তাদেরকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের তাৎক্ষণিক পরিচয় জানা সম্ভব হয়নি। তবে নিহতদের মধ্যে একজন নারী ও চারজন পুরুষ সদস্য রয়েছেন। তাদের সবার বয়স ২৫-৫০ বছরের মধ্যে বলে জানান তিনি।


বগুড়ার শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ বানিউল আনাম জানান, দুর্ঘটনায় নিহত ও আহতদের নাম-পরিচয় জানান চেষ্টা চলছে। এছাড়া দুর্ঘটনার পরপরই বাসের চালক-হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। তবে বাস ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে।