রাজস্ব ফাঁকি দেয়া নকল বিড়ি ও কারখানা বন্ধসহ ছয় দফা দাবিতে মানববন্ধন এবং কাস্টমস অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছে রাজশাহী অঞ্চল বিড়ি শ্রমিক ইউনিয়ন ও কর্মচারী ঐক্য পরিষদ। গতকাল সকালে এ মানববন্ধন শেষে বিভাগীয় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসের কমিশনার বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে।
স্মারকলিপিতে রাজস্ব ফাঁকি দেয়া সব বিড়ি কারখানা বন্ধ, যাচাই-বাছাই ব্যতিরেকে অনলাইনে লাইসেন্স দেয়া বন্ধ, বিড়িতে শুল্ক কমিয়ে শ্রমিককের মজুরি বাড়ানো, সিগারেটের মতো বিড়িতেও অগ্রিম আয়কর ৩ শতাংশ, বিড়ি শিল্প ও শ্রমিকদের টিকিয়ে রাখার স্বার্থে সিগারেটের মূল্য বৃদ্ধি এবং তামাকজাত দ্রব্য বিক্রির ক্ষেত্রে প্রান্তিক ব্যবসায়ী ও দোকানির পরিবর্তে শুধু পরিবেশকদের লাইসেন্সের আওতায় আনা।
বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের কার্যকরী সদস্য আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক হারিক হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুর রহমান। মানববন্ধনে বক্তব্য রাখেন ফেডারেশনের সহ-সভাপতি নাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবদুল গফুর, প্রচার সম্পাদক শামীম ইসলাম প্রমুখ।
মানববন্ধন চলাকালে রাজশাহী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের কমিশনার ইসমাইল হোসেন সিরাজী অফিস থেকে এসে বিড়ি শ্রমিকদের কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করেন। এ সময় তিনি শ্রমিকদের স্মারকলিপি গ্রহণ করে নকল ব্যান্ডরোল যুক্ত ও ব্যান্ডরোলবিহীন বিড়ি বন্ধে কারখানা মালিক ও শ্রমিকদের সহযোগিতা কামনা করেন।









