ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ইউপি সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। এছাড়া সড়ক দুর্ঘটনায় নোয়াখালী, বগুড়া, মেহেরপুর ও চাঁদপুরে আরো পাঁচজনের প্রাণহানি হয়েছে। গতকাল ও আগের দিন রাতে এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত নয়জন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—
ব্রাহ্মণবাড়িয়া: সদর উপজেলার কাউতুলী থেকে ছেড়ে আসা একটি অটোরিকশা যাত্রী নিয়ে শুক্রবার রাতে নবীনগর যাচ্ছিল। পথে কনিকাড়া এলাকায় একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। গুরুতর আহত পাঁচজনকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় ইউপি সদস্য বিল্লাল মিয়াকে (৪৭) ঢাকায় নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে তিনিও মারা যান। তিনি নবীনগর পূর্ব ইউনিয়নের মেম্বার ছিলেন। নিহত অন্য দুজন হলেন উপজেলার শ্রীরামপুর গ্রামের আক্তার খন্দকার (৪২) ও লাউরফতেহপুর ইউনিয়নের আহমদপুর গ্রামের সিরাজুল ইসলাম (৬০)।
নবীনগর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, তারা দুজন নিহত হওয়ার খবর প্রাথমিকভাবে পেয়েছেন। পরে আরো একজন মারা গেছেন বলে জানতে পেরেছেন। তবে নিহতদের পরিবার থেকে এখনো কোনো অভিযোগ করেনি। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে।
নোয়াখালী: জেলার বেগমগঞ্জে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা মা-মেয়ে নিহত হয়েছে। এ ঘটনায় অটোরিকশাচালকসহ আহত হয়েছেন আরো দুজন। তাদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে চৌমুহনী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের আমিনবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন লক্ষ্মীপুরের দেওপাড়া গ্রামের আব্দুর রহমানের স্ত্রী জমিলা সুলতানা ইনু (২১) ও তার মেয়ে ফাতেমা আক্তার (২)।
বেগমগঞ্জ থানার ওসি লিটন দেওয়ান জানান, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার পর পরই ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় হাইওয়ে পুলিশ আইনি ব্যবস্থা নেবে।
বগুড়া: শহরের গোদারপাড়া বাজার চেকপোস্টের সামনে রাস্তা পার হওয়ার সময় পিকআপের ধাক্কায় মো. শামীম জিলাদার (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শামীম কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের ভালতা জিলাদার পাড়ার বাসেদ জিলাদারের ছেলে। তিনি বাসের হেলপার ছিলেন।
বগুড়ার উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জালাল উদ্দিন জানান, আকন্দ পরিবহনের একটি বাস থামিয়ে শামীম রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বগুড়া থেকে ছেড়ে আসা আরএফএল কোম্পানির একটি পিকআপ তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
মেহেরপুর: জেলার গাংনীতে গরু বহনকারী ট্রলিচাপায় তাসনিমা (৪) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মামার দোকান থেকে বিস্কুট নিয়ে রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হয় সে। তাসনিমা সৌদি প্রবাসী জয়নাল আবেদীনের মেয়ে। গাংনী থানার ডিউটি অফিসার আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
চাঁদপুর: জেলার ফরিদগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সাইকেল আরোহী এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন। শুক্রবার রাতে ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া কাদিরমুন্সী বাড়ির মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন ব্যাপারী উত্তর চাঁদপুর গ্রামের ব্যাপারী বাড়ির মৃত শহিদুল্লার ছেলে।










