দুর্নীতির মামলায় গ্রেফতার হওয়া রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানের স্ত্রী ও সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার সাত দিনের রিমান্ড শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করা হয়েছে। খবর বাসস।

আজ বুধবার (১৫ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। এর আগে তাকে আদালতে হাজির করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মো. ইসমাঈল সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, সরকারি কর্মচারী থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির মাধ্যমে লায়লা কানিজ বিপুল পরিমাণ প্লেসমেন্ট শেয়ার ক্রয়-বিক্রয় করেছেন। এই লেনদেনে অন্য কারো সম্পৃক্ততা আছে কি না তা উদ্‌ঘাটন করতে তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। পাশাপাশি তার অর্জিত জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের উৎস অনুসন্ধানও জরুরি।

মামলার সূত্রে জানা গেছে, গত ৬ জানুয়ারি লায়লা কানিজের বিরুদ্ধে ১৩ কোটি ১ লাখ ৫৮ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। এছাড়া ১ কোটি ৫৩ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগও রয়েছে। এসব সম্পদ অর্জনে মতিউর রহমানের সহায়তার অভিযোগে তাকেও মামলার আসামি করা হয়েছে।

এর আগে, মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে মতিউর রহমান ও লায়লা কানিজকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।