বান্দরবানের লামা উপজেলায় ট্রাক, মাহিন্দ্রা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশুসহ আরো চারজন গুরুতর আহত হয়েছেন। গতকাল বেলা ১টার দিকে লামা-চকরিয়া সড়কের মিরিঞ্জা পশ্চিম লাইনঝিরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর পরই সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস, জনপ্রতিনিধি ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে বলে জানায় পুলিশ।

নিহতরা হলেন আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের সিরাজ কারবারী পাড়ার রূপসী দাশ (২২), চিনু দে (৩০) ও চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের মসিদিয়া গ্রামের মুক্তার আহাম্মদ (৫০)।

আহতরা হলেন দুর্ঘটনাকবলিত ট্রাকের হেলপার কুমিল্লা সদর উপজেলার কালিয়াঝুড়ি ইউনিয়নের বড়পুকুর উত্তর পাড়ের জাকের হোসেন (৫০), কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মো. সাগর (২৫), আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের সিরাজ কারবারী পাড়ার ঘটনাস্থলে নিহত রূপসী দাশের কন্যা অঙ্কিতা দে (৩)। দুর্ঘটনায় পায়ে আঘাত পেয়ে আহতাবস্থায় এক ব্যক্তি পালিয়ে যায়। তাত্ক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া না গেলেও লোকটি ট্রাকচালক কিনা তা খুঁজে বের করা হবে বলে জানায় পুলিশ।

পুলিশ জানায়, আলীকদম থেকে আসা কক্সবাজারের চকরিয়া উপজেলাগামী একটি মাহিন্দ্র লকডাউনের নিয়ম ভেঙে যাত্রী নিয়ে যাওয়ার পথে লামার ট্রাফিক পুলিশ গাড়িটিকে থামতে সংকেত দেয়। মাহিন্দ্রটি সংকেত না মেনে দ্রুতগতিতে চলে যায়। পরে সড়কের মিরিঞ্জা পাহাড়ের পশ্চিম লাইনঝিরি এলাকার একটি বাঁকে মাহিন্দ্রটির গতিরোধ করে পুলিশ। সেখানে সংকেত না মানায় চালককে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় চকরিয়া হতে আসা আলীকদমগামী বালিবোঝাই একটি ট্রাক ওই বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা মাহিন্দ্র ও একটি মোটরসাইকেলের ওপর আছড়ে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে এক নারীসহ দুই ব্যক্তির মৃত্যু হয়।

লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রবিন জানান, দুুপুরে আহতাবস্থায় চারজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখানে এক নারীর মৃত্যু হয়। অন্য আহতদের মধ্যে শিশু অঙ্কিতা ও সাগর নামের দুজনের অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লামা থানার উপপরিদর্শক মো. শাহীন।