সম্মিলিত সনাতন জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস সহ ১৬৪ জনের নাম উল্লেখ করে চট্টগ্রাম আদালতে একটি মামলার আবেদন করেছেন এনামুল হল নামে এক ব্যবসায়ী। মামলায় চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে প্রধান আসামি করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে আরো ৪০০ থেকে ৫০০ জনকে ।
রোববার (৮ ডিসেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকের আদালতে এনামুল হক বাদী হয়ে মামলাটির আবেদন করেন। আদালত বাদীর বক্তব্য শুনে আবেদনটি আমলে নিয়ে পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
মামলার অন্যান্য আসামির তালিকায় রয়েছে, চট্টগ্রাম অ্যাডভোকেট ক্লার্ক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রিপন কান্তি নাথ, আইনজীবী আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দন দাস, আওয়ামী লীগ নেতা সজিব রায়, হাবিবুর রহমান মাসুম, রেজিস্ট্রেশন সদর রেকর্ড অফিসের কর্মচারী তপন কান্তি দাস, রাজিব দাস, ছাত্রলীগ নেতা জামিল হোসেন মুছা প্রমূখ। এছাড়াও চট্টগ্রামের তিন সাংবাদিককেও মামলায় আসামি করা হয়েছে।
আদেশের বিষয়টি নিশ্চিত করে আইনজীবী অ্যাডভোকেট মো. শামসুল আলম বলেন, গত ২৬ নভেম্বর হেফাজতে ইসলাম বাংলাদেশের কর্মী এনামুল হক আদালত প্রাঙ্গণে চিন্ময় কৃষ্ণের অনুসারীদের দ্বারা মারধরের শিকার হন। দাড়ি-টুপি থাকায় সেদিন তার ওপর হামলা করা হয়। তার ডান হাতে ভেঙে গেছে এবং মাথায় কিরিচের কোপও রয়েছে। এ ঘটনায় চিন্ময় কৃষ্ণকে প্রধান আসামি করে ১৬৪ জনের নামে একটি মামলা করা হয়েছে। আদালত কোতোয়ালী থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন।










