বগুড়ার গাবতলীতে আওয়ামী লীগ-বিএনপির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় থানা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টনকে প্রধান আসামি করে ১৩৩ জনের নামসহ ৩০০ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টায় গাবতলী পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজার রহমান পাইকাড় বাদী হয়ে গাবতলী মডেল থানায় এ মামলা দায়ের করেন।
গাবতলী মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জামিরুল ইসলাম জানান, থানা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টন, সাধারণ সম্পাদক এনামুল হক নতুনসহ ১৩৩ জনের নাম উল্লেখ করে এবং ৩০০ জনকে অজ্ঞাত করে পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজার রহমান পাইকাড় বাদী মামলা দায়ের করেছেন।
উল্লেখ্য, বগুড়া জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সুরাইয়া জেরিন রনি প্রধানমন্ত্রীকে কটূক্তি করে বিএনপির সম্মেলনে বক্তব্য দেয়ার ঘটনায় গত রোববার বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের ৩০ জন দলীয় নেতাকর্মী আহত হন। সুরাইয়া জেরিন রনির বিরুদ্ধে গত শনিবার রাতে গাবতলী মডেল থানায় জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সুলতান মাহমুদ খান রনি বাদী হয়ে অভিযোগ দাখিল করেছেন।










