স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, এ পর্যন্ত পাঁচ কোটি মানুষকে করোনার টিকা দেয়া হয়েছে। টিকাদান কার্যক্রম অব্যাহত রয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে দেশের ৫০ শতাংশ মানুষকে করোনা টিকা দেয়া হবে এবং আগামী মার্চের মধ্যে দেয়া হবে ৭০ থেকে ৮০ শতাংশ মানুষকে। সেই টিকা দেয়ার জোগানও এরই মধ্যে হয়ে গেছে। এছাড়া শিগগিরই ১২-১৭ বছর বয়সী শিশুদেরও টিকা দেয়ার কাজ শুরু হবে।
গতকাল দুপুরে মন্ত্রী মানিকগঞ্জের গড়পাড়ায় সদর ও সাটুরিয়া উপজেলায় শারদীয় দুর্গা পূজা উপলক্ষে সব পূজামণ্ডপ উদযাপন কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ধর্ম যার যার উৎসব সবার, মানবসেবাই সবচেয়ে বড় ধর্ম। আসন্ন দুর্গা পূজার উৎসবে সবাইকে স্বাস্থ্যসেবা মেনে উৎসব পালনের আহ্বান জানান মন্ত্রী। এ সময় মানিকগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ আবদুল লতিফ, পুলিশ সুপার মো. গোলাম আজাদ খানসহ জেলা পূজা উদযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।









