নারায়ণগঞ্জের আড়াইহাজারে ট্রাকের নিচে চাপা পড়ে দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া রাজধানীর যাত্রাবাড়ী, মাদারীপুর ও বরিশালে সড়ক দুর্ঘটনায় আরো চারজনের প্রাণহানি হয়েছে। বৃহস্পতিবার রাতে ও গতকাল দিনের বিভিন্ন সময় এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—
নারায়ণগঞ্জ: গতকাল ভোরে একটি মালবোঝাই ট্রাক পুরিন্দার কাছে এসে নষ্ট হয়ে যায়। এ সময় রাস্তার পাশে ট্রাকটি থামিয়ে চালক ও হেলপার মেরামত করছিলেন। এ সময় জগ ভেঙে ট্রাক তাদের ওপর পড়ে যায়। ট্রাকচাপায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। তাদের পরিচয় জানাতে পারেনি হাইওয়ে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন ভুলতা হাইওয়ে পুলিশের টিআই আশরাফ।
মাদারীপুর: জেলার শিবচরে অটোরিকশাচাপায় মজিবুর রহমান মোল্লা (৫০) নামে একজন নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৮টার দিকে শিবচর-মাদারীপুর আঞ্চলিক সড়কের বহেরাতলা উত্তর ইউনিয়নের সোতারপাড়ে এ দুর্ঘটনা ঘটে। মুজিবুর রহমান উপজেলার বাশকান্দি ইউনিয়নের মোল্লাকান্দির মৌলভি সরাফ উদ্দিনের ছেলে।
বরিশাল: জেলার আগৈলঝাড়ায় ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে আগৈলঝাড়া-কোটালীপাড়া সড়কের আগৈলঝাড়া উপজেলা সদরের সাব রেজিস্ট্রি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আগৈলঝাড়া উপজেলার পূর্বকাঠিরা গ্রামের বাসিন্দা মোটরসাইকেল চালক মেহেদী হাওলাদার এবং কোটালীপাড়া উপজেলার বান্ধাবাড়ীর ভ্যানচালক আবু বক্কর সিদ্দিক বাবু খান।
আগৈলঝাড়া থানার উপপরিদর্শক (এসআই) নূরে আলম জানান, আগৈলঝাড়া থেকে যাত্রী নিয়ে একটি ভ্যান কোটালীপাড়া উপজেলার বান্ধাবাড়ীর দিকে যাচ্ছিল। আগৈলঝাড়া উপজেলা সদরের সাব রেজিস্ট্রি অফিসের সামনের সড়ক অতিক্রম করার সময় একটি মোটরসাইকেলের সঙ্গে ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মেহেদী হাওলাদারের মৃত্যু হয়।
ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর কাজলার ছনটেকে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় সাফেনা (৫) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের বাবা নূর নবী জানান, কাজলা ছনটেকে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হয় সাফেনা। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।










