মার্চে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে উভয় ইনিংসে সেঞ্চুরি করে বাংলাদেশকে হারানোর বড় নায়ক কামিন্দু মেন্ডিস। শ্রীলংকার এ ব্যাটসম্যান মার্চে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সেরা খেলোয়াড় হয়েছেন। নারীদের মাসের সেরা খেলোয়াড় হয়েছেন ইংল্যান্ডের বুশিয়ার। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে আইসিসি।
অবিশ্বাস্য পারফরম্যান্সে আইসিসির মার্চের সেরা খেলোয়াড় হলেন কামিন্দু। এ পুরস্কার পেয়ে তিনি আইসিসির কাছে প্রতিক্রিয়ায় বলেছেন, ‘আইসিসির মাসের সেরা খেলোয়াড় হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত। এটা আমার আন্তর্জাতিক ক্যারিয়ারে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। এমন স্বীকৃতি আসলে উদ্দীপ্ত করে। এতে একজন খেলোয়াড় হিসেবে আপনার মধ্যে আরো বেশি পরিশ্রম করার, আরো ভালো পারফর্ম করার তাড়না সৃষ্টি হবে।’
এ রেসে কামিন্দু হারিয়েছেন আয়ারল্যান্ডের মার্ক অ্যাডায়ার ও নিউজিল্যান্ডের ম্যাট হেনরিকে। দুজনকেই শুভকামনা জানিয়ে তিনি বলেন, ‘তারা দুজনই ভালো খেলোয়াড় ও প্রতিদ্বন্দ্বী।’










