যানবাহন থেকে মানমাত্রাতিরিক্ত কালো ধোঁয়া নির্গমন, শব্দদূষণ এবং বায়ুদূষণ রোধে দেশের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এ অভিযান পরিচালনা করা হয়।

পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহছিনা আকতার বানুর নেতৃত্বে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এছাড়া আশপাশের এলাকায় তিনটি পৃথক মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

ঢাকা মহানগরের শ্যামলী ও মিরপুর রোড এলাকায় কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে পরিচালিত অভিযানে ১২টি মামলায় ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। কয়েকজন চালককে সতর্কতামূলক বার্তা প্রদান করা হয়।

একই দিনে শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০০৬ অনুসারে রামপুরা ব্রিজ ও শ্যামলী এলাকায় পরিচালিত শব্দদূষণ বিরোধী অভিযানে ৮টি মামলায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ১২টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। কয়েকটি যানবাহনের চালককেও সতর্ক করা হয়।

অন্যদিকে, বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২ অনুযায়ী সাভার এলাকায় পরিচালিত অভিযানে বায়ুদূষণের দায়ে ৫টি মামলায় মোট ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং পার্শ্ববর্তী কয়েকটি প্রতিষ্ঠানের মালিককে সতর্কবার্তা প্রদান করা হয়।