‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’র ওপর হামলায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি । অন্যদিকে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
এক বিজ্ঞপ্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জানিয়েছে, ‘নিরীহ শিক্ষার্থীদের’ ওপর ন্যক্কারজনক হামলার প্রতিবাদে আজ বুধবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ কর্মসূচি পালন করবে তারা। সংগঠনটি এ ঘটনাকে জাতিগত বিভাজন জিইয়ে রাখার অপচেষ্টা উল্লেখ করে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে এ কর্মসূচি দিয়েছে।
এদিকে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনার প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। আজ গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, মতিঝিলে এনসিটিবি ভবনের সামনে স্টুডেন্টস ফর সভরেন্টি নামের সংগঠনের হামলায় বিভিন্ন জাতিসত্তার নাগরিকেরা মারাত্মক আহত হয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যাসহ আরো অনেকেই বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘হামলার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সরব ভূমিকা পালন করতে দেখা যায়নি। তারা সক্রিয় ভূমিকা পালন করলে এ ধরনের ন্যক্কারজনক হামলা দেখতে পেতাম না। মিছিল কিংবা সমাবেশে হামলা পতিত নিষিদ্ধ ফ্যাসিবাদী সংগঠন ছাত্রলীগের কায়দার বহিঃপ্রকাশ।’
হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ফ্যাসিবাদ–উত্তর বাংলাদেশে নাগরিকদের মতপ্রকাশের স্বাধীনতাকে যারা হামলা করে বাধাগ্রস্ত করতে চায়, তাদের অতিসত্বর আইনের আওতায় আনতে হবে। ভিডিও ফুটেজ তদন্ত করে এই হামলার সঙ্গে জড়িত প্রত্যেককে দ্রুত আইনের আওতায় আনতে হবে।










