সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলা সংলগ্ন এলাকায় অবৈধ পাথর ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিজিবি, উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে পরিচালিত যৌথ অভিযানে ৩৯টি মাহিন্দ্রা ট্রাক্টরসহ বিপুল পরিমাণ পাথর জব্দ করা হয়েছে। এ সময় ছয় জনকে আটক করা হয়।
গতকাল দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ৪৮ বিজিবির অধীনস্থ নোয়াকোট বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান শুরু করা হয়। সীমান্ত পিলার ১২৪৬/৫-এস থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত শাহ আরেফিন টিলা এলাকায় অবৈধভাবে পাথর ও বালু উত্তোলনের তথ্যের প্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বিজিবির কালাসাদেক বিওপির নেতৃত্বে কালাইরাগ, নোয়াকোট ও লবিয়া বিওপির সমন্বয়ে একাধিক টিম অভিযান পরিচালনা করে। এ সময় ঘটনাস্থল থেকে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলনে ব্যবহৃত আনুমানিক ৩৪টি মাহিন্দ্রা ট্রাক্টর, প্রায় ৭ হাজার ঘনফুট পাথর এবং ২৩০ ঘনফুট বালু জব্দ করা হয়।
পরবর্তীতে কোম্পানীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদারের নেতৃত্বে বিজিবি, পুলিশ ও আনসারের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এতে মোট ৩৯টি মাহিন্দ্রা ট্রাক্টরসহ বিপুল পরিমাণ পাথর এবং ৬ জনকে আটক করা হয়। কোম্পানীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, যৌথ অভিযানে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। জব্দ করা ট্রাক্টর ও পাথর থানায় আছে। এ ঘটনায় ছয়জন আটক আছে। অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।










