২০১৯ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় পাসের হারে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে শীর্ষে রয়েছে বরিশাল। এ বোর্ডে এবার পাসের হার ৯৭ দশমিক ৫ শতাংশ। গতকাল বেলা সাড়ে ১১টায় এ ফল ঘোষণা করেন শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন। এর আগে শুভেচ্ছা বক্তব্য দেন বোর্ড চেয়ারম্যানের দায়িত্বে থাকা নবাগত সচিব প্রফেসর মো. বাহরুল আলম।

এবার বরিশাল বোর্ডে জেএসসিতে অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ১৩ হাজার ৯৮৫ জন। এর মধ্যে পাস করেছে ১ লাখ ১০ হাজার ৬১৯ জন। জিপিএ ৫ পেয়েছে ৪ হাজার ৯৪৮ শিক্ষার্থী। এছাড়া বোর্ডের আওতাধীন ১ হাজার ৭১৪টি বিদ্যালয়ের মধ্যে ৭৮৩টির শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। এর মধ্যে বরিশালে ২১২টি, ভোলায় ১৪৮টি, পটুয়াখালীতে ১৩২টি, পিরোজপুরে ১০৮টি, বরগুনায় ১০০টি ও ঝালকাঠিতে রয়েছে ৮৩টি বিদ্যালয়। গত বছর এ বোর্ডে ৮২১টি স্কুলের শতভাগ শিক্ষার্থী পাস করেছিল।

পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, এবার গত বছরের চেয়ে জিপিএ ৫-এর সংখ্যা ৪০টি বৃদ্ধি পেয়েছে। তবে এবার পরীক্ষার্থীর সংখ্যা গত বছরের চেয়ে ৮৭২ জন কম ছিল। তাছাড়া বিগত বছরের মতো এবারো পাসের হারে মেয়েরা এগিয়ে আছে। এবার মেয়েদের পাসের হার ৯৭ দশমিক ৪৯ ও ছেলেদের পাসের হার ৯৬ দশমিক ৫৩ শতাংশ। একইভাবে জিপিএ ৫ প্রাপ্তিতেও মেয়েরা এগিয়ে আছে। মেয়েরা জিপিএ ৫ পেয়েছে ৩ হাজার ১৪৮টি। অন্যদিকে ছেলেরা জিপিএ ৫ পেয়েছে ১ হাজার ৮০০টি। এদিকে বরিশাল বোর্ডে পাসের হারে শীর্ষে রয়েছে বরগুনা জেলা। এ জেলার পাসের হার ৯৯ দশমিক ১৮ শতাংশ।