রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটনকেন্দ্র যাওয়ার পথে চাঁদের গাড়ি নামে পরিচিত জিপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক পর্যটক নিহত হয়েছেন। আজ শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে আট নাম্বার মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত মোটরসাইকেল চালক তানভীর (২৭) চট্টগ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্র জানায়, মোটরসাইকেলযোগে তানভীর ও আরিফ সাজেক যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি জিপগাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা তানভীরকে উদ্ধার করে খাগড়াছড়ির দীঘিনালা হাসপাতালে পাঠান।

বিষয়টি নিশ্চিত করে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল হক জানান, আমরা দুর্ঘটনার খবর পেয়ে মোটরসাইকেল চালককে উদ্ধার করে দীঘিনালা হাসপাতালে পাঠাই। সেখান থেকে কিছুক্ষণ আগে তার মৃত্যু হয়েছে বলে জানতে পারি।

গাড়িটি থানায় নেয়া হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি।

এদিকে ইংরেজি নববর্ষকে সামনে রেখে সাজেকের প্রায় সব রিসোর্ট-কটেজ বুকিং হয়ে গিয়েছে। বিষয়টি উল্লেখ করে সাজেক কটেজ মালিক সমিতির সাধারণ সম্পাদক মিংথাং জাওয়া লুসাই বলেন, পর্যটকদের উপচেপড়া ভিড় ও বাড়তি যানবাহনের চাপ সামলাতে আমাদের হিমশিম খেতে হচ্ছে।