আজ শুক্রবার থেকে বাজারে মিলবে রাজশাহীর আম। শুরুতে বাগান থেকে নামবে গুটি জাতের আম। তবে অন্যান্য জাতের আমের জন্য অপেক্ষা করতে হবে আরো সপ্তাহখানেক।

গতকাল বিকালে চলতি মৌসুমে আম নামানোর সময়সীমা নির্ধারণ করেছে রাজশাহীর জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শরিফুল হকের সভাপতিত্বে সভায় আমচাষি, বাগানমালিক, আম ব্যবসায়ী, রফতানিকারক, গবেষক, কৃষি কর্মকর্তা ও প্রশাসনের লোকজন অংশ নেন। অপরিপক্ব আমের বাজারজাত ঠেকাতে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানানো হয়েছে সভায়।

সভায় জানানো হয়, ১৩ মে থেকে বাজারে গুটি আম নামবে। এছাড়া ২০ মে থেকে গোপালভোগ, ২৫ মে থেকে  লক্ষ্মণভোগ, লখনা এবং রাণীপছন্দ, ২৮ মে থেকে হিমসাগর, ক্ষিরসাপাত, ৬ জুন থেকে ল্যাংড়া, ১৫ জুন থেকে আম্রপালি ও ফজলি, ১০ জুলাই থেকে আশ্বিনা ও বারি আম-৪, ১৫ জুলাই থেকে গৌরমতি ও ২০ আগস্ট থেকে ইলামতি আম নামবে।

আম সংগ্রহের সময়সীমা নির্ধারণের ওই বৈঠকে অংশ নেন রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোজদার হোসেন। তিনি বলেন, বিষমুক্ত ও নিরাপদ আম নিশ্চিত করতে এ উদ্যোগ নেয়া হয়েছে। যদি বেঁধে দেয়া সময়ের আগে আম পেকে যায় তবে স্থানীয় প্রশাসনকে জানিয়ে নামানো যাবে।

কিন্তু অপরিপক্ব আম নামানোর কোনো সুযোগ নেই। কেউ অপরিপক্ব আমে কেমিক্যাল মিশিয়ে বিক্রি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।