জীবনের জন্য ঝুঁকিপূর্ণ কেমিক্যাল গোডাউন বা অবৈধ স্থাপনা তৈরি হচ্ছে কিনা সে ব্যাপারে নিজ নিজ কমিউনিটিতে স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। গতকাল মিরপুরে একটি রাসায়নিক গুদামে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জন নিহত হওয়ার খবর জানিয়ে প্রাণঘাতী এসব দুর্ঘটনা এড়াতে সতর্কতার ওপর জোর দিয়েছেন তিনি।

গতকাল বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মিরপুরে রূপনগরের শিয়ালবাড়ি এলাকায় এ অগ্নিদুর্ঘটনা ঘটে। রাত ১২টার দিকে উদ্ধারকাজের অগ্রগতির বিষয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক।

তিনি বলেন, আমরা ১৬ জনকে মৃত অবস্থায় উদ্ধার করেছি। এই পরিবারগুলোর কাছে আমরা দুঃখ প্রকাশ করছি। আমি আহ্বান করব, আমরা একটু সচেতন হই। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় প্রচার-প্রচারণা চালাচ্ছি। বিভিন্ন জায়গায় বোঝানোর চেষ্টা করছি। মহড়া করছি যেন আগুনের বিষয়ে আমরা একটু সতর্ক হই। কেমিক্যাল গোডাউন স্থাপন বা কোনো অবৈধ স্থাপনা তৈরির আগে সচেতন হওয়া প্রয়োজন। যেখান থেকে অনুমোদন নেয়ার কথা, সেখান থেকে যথাযথ নিয়ম মেনে যেন আমরা কাজ করি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেমন করেই হোক, বিভিন্ন স্থানে বিভিন্ন অনুমোদনহীন কেমিক্যাল গোডাউন গড়ে উঠেছে। আপনারা টঙ্গীর ঘটনা দেখেছেন যেখানে দুঃখজনকভাবে আমাদের তিন জন ফায়ার ফাইটার শহীদ হয়েছেন। এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটুক আমরা চাই না।

তিনি আরো বলেন, ফায়ার সার্ভিস উদ্ধার করছে, কাজ করছে তবে সমাজকেও এগিয়ে আসতে হবে। স্থানীয় জনগণ এবং স্থানীয় প্রশাসনকে দেখতে হবে যাতে অননুমোদিত কোনোকিছু গড়ে না ওঠে। যদি গড়ে উঠেও থাকে, তার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা আমাদের দায়িত্ব।

ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বলেন, নিজ নিজ কমিউনিটিতে জীবনের জন্য ঝুঁকিপূর্ণ অবৈধ স্থাপনার বিরুদ্ধে প্রশাসনের মাধ্যমে সামাজিক দায়বদ্ধতা গড়ে তুলতে হবে স্থানীয়দেরই। প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে সেসব অবৈধ স্থাপনা সরাতেও হবে। এতে অনেকে হয়তো ক্ষতিগ্রস্ত হবেন। কিন্তু ১৫-১৬ জন মানুষের মৃত্যু নিশ্চয়ই একজনের ক্ষতির চেয়ে শ্রেয় নয়। আমি জনসাধারণকে বলবো, আপনারা অবৈধ স্থাপনার বিরুদ্ধে সচেতনতা বাড়ান এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের ব্যাপারে সচেতন হোন।