নেত্রকোনার আটপাড়ায় হাওরে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে আলতু মিয়া (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকালে উপজেলার সুখারী ইউনিয়নের হাতিয়া গ্রামের সামনে মেসির হাওরে এ ঘটনা ঘটে। নিহত আলতু মিয়া হাতিয়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুর আড়াইটার দিকে গরুর জন্য ঘাস কাটতে হাওরে যান আলতু মিয়া। এ সময় আকাশ অন্ধকার হয়ে বৃষ্টিসহ বজ্রপাত শুরু হয়। কিছুক্ষণ পর আবহাওয়া স্বাভাবিক হলে স্থানীয়রা হাওরে গেলে তার মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তাকে বাড়িতে নিয়ে আসা হয়।

আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে।

আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহানুর রহমান বলেন, বজ্রপাতে নিহতের ঘটনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং তাদের আর্থিক সহায়তা দেয়া হবে।