এবারের এইচএসসি পরীক্ষায় কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডে পাসের হার ৪৮ দশমিক ৮৬ শতাংশ। এ বোর্ডে ফল বিপর্যয়ের নৈপথ্যে রয়েছে ইংরেজি-উচ্চতর গণিত
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. শামছুল ইসলাম জানান, ইংরেজিতে পাসের হার ৬৫ দশমিক ২৮ শতাংশ। উচ্চতর গণিতেও পাসের হার কম। ইংরেজিতে ফেলের হার বেশি থাকায় সামগ্রিক ফলাফলে প্রভাব পড়েছে। অন্যান্য সময়ে ভেন্যুকেন্দ্রের সংখ্যা অনেক বেশি ছিল। এবার ১৬২টি ভেন্যুকেন্দ্র বাতিল করা হয়েছে। ভেন্যুকেন্দ্রের কারণে অনেক সুবিধা নিত। এ বছর সে সুযোগ ছিল না।
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাছরীন স্বাক্ষরিত ফলাফল বিবরণী পর্যালোচনা করে দেখা যায়, এ বছর মোট পরীক্ষার্থী ছিল এক লাখ এক হাজার ৯৯৭ জন। পরীক্ষায় অংশগ্রহণ করে ৯৯ হাজার ৫৭৬ জন। পাস করেছে ৪৭ হাজার ৬৫৭ জন। মেয়ে পরীক্ষার্থী ছিল ৫৭ হাজার ৫২৪ জন, পাস করেছে ৩০ হাজার ৭০১ জন। পাসের হার ৫৩ দশমিক ৩৭ শতাংশ। ছেলে পরীক্ষার্থী ছিল ৪২ হাজার ৯০০ জন, পাস করেছে ১৭ হাজার ৯৫৬ জন। পাসের হার ৪২ দশমিক ৭০ শতাংশ। মেয়েদের মধ্যে জিপিএ পাঁচ পেয়েছে এক হাজার ৭৪৯ জন। ছেলেদের মধ্যে পেয়েছে ৯৫৮ জন।










