সুপ্রিম কোর্ট সচিবালয়ের দাফতরিক কাজে ই-নথি ব্যবস্থাপনা চালু করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দাফতরিক কার্যক্রমকে গতিশীল, স্বচ্ছ ও দায়বদ্ধ করতে এবং সরকারের অন্যান্য বিভাগ ও সচিবালয়ের অভ্যন্তরীণ কার্যক্রমের সঙ্গে সমন্বয় জোরদারের লক্ষ্যে এ ব্যবস্থা চালু করা হয়েছে। এখন থেকে সুপ্রিম কোর্ট সচিবালয়ের সব দাফতরিক কাজ এ আধুনিক ই-নথি ব্যবস্থাপনার মাধ্যমে সম্পন্ন হবে।
এতে আরো বলা হয়, সুপ্রিম কোর্ট সচিবালয়ে ই-নথি ব্যবস্থাপনা সফলভাবে বাস্তবায়িত হলে ফাইল ব্যবস্থাপনায় সময় অপচয় রোধ হবে। পাশাপাশি নথির অবস্থান ও অগ্রগতি ট্র্যাক করা সম্ভব হবে। এ ছাড়া ফাইল সংরক্ষণে জায়গা সংকট ও নিরাপত্তাজনিত ঝুঁকি মোকাবেলা ও আন্তঃশাখা সমন্বয় ও অনুমোদন প্রক্রিয়া সহজ হবে।










