সড়ক দুর্ঘটনায় চার জেলায় সাতজনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে কুমিল্লায় তিনজন ও হবিগঞ্জে দুজন নিহত হয়েছেন। এছাড়া পিরোজপুর ও পঞ্চগড়ে আরো দুজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। গতকাল দিনের বিভিন্ন সময় এসব দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—
কুমিল্লা: জেলার তিনটি স্থানে বাস ও ট্রাকের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত তিনজন। গতকাল চান্দিনা, দাউদকান্দি ও লালমাইয়ে এসব দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দেবিদ্বার উপজেলার ছবিনগর গ্রামের আবুল হাসেম ভূঁইয়া (৬০) মাধাইয়া বাজারে যাচ্ছিলেন। হাড়িখোলা মাজার এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় একটি বাস তাকে ধাক্কা দেয়। পরে তাকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার এসআই মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
একইদিন দুপুরে দাউদকান্দি উপজেলার মালীখিল এলাকায় বাসের ধাক্কায় বেল্লাল (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। লালমাইয়ের ফয়েজগঞ্জ বাজারে ট্রাকের নিচে চাপা পড়ে নাজমুল নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন তার সঙ্গে থাকা সিয়াম নামে আরো একজন। লাকসাম ক্রসিং হাইওয়ে থানার ওসি আদেল আকবর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
হবিগঞ্জ: জেলার নবীগঞ্জে ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো চারজন। গতকাল সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মডেল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পাবনা জেলার বাসিন্দা আনোয়ারা বেগম ও সিলেট নগরীর সুবিদবাজার এলাকার মাইক্রোবাসচালক নাঈম আহমদ জয় (২৭)।
পিরোজপুর: জেলার কাউখালীতে মোটরসাইকেল চাপায় সামিয়া আক্তার (৭) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল দুপুরে উপজেলার চিড়াপাড়া ইউনিয়নের বটতলায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সামিয়া আক্তার উপজেলার চিড়াপাড়া ইউনিয়নের পারসাতুরিয়া গ্রামের মো. দুলাল মোল্লার মেয়ে।
পঞ্চগড়: জেলার বোদায় কাভার্ড ভ্যানের ধাক্কায় দিপু চন্দ্র বর্মণ (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলচালক কামিনী রায় (১৭)। গতকাল দুপুরে ময়দানদিঘি-তেপুকুরিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ কাভার্ড ভ্যানটি জব্দ করেছে। চালক আব্দুস সালামকেও আটক করা হয়েছে। নিহত দিপু চন্দ্র বর্মণ উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের তেপুকুরিয়া গুঞ্জন পাড়া গ্রামের বুধারু বর্মণের ছেলে। স্থানীয় ইউপি চেয়ারম্যান সাহেব আলী এসব তথ্য নিশ্চিত করেছেন।










