কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের মোহাজেরপাড়া এলাকায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ রোববার সকাল পৌনে ৯টায় বানৌজা পেকুয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন মোহাজেরপাড়া এলাকার মৃত আবুল কালামের ছেলে মোহাম্মদ মাহবুব (২৭) ও মৃত কামাল হোছাইনের ছেলে মোহাম্মদ রাসেল (২৩)। নিহত দুজনই মোটরসাইকেল আরোহী ছিলেন। দুর্ঘটনায় মোহাম্মদ শাহেদ (২৪) নামের আরো এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোহাম্মদ মাহবুব মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। তার পেছনে ছিলেন রাসেল ও শাহেদ। বানৌজা পেকুয়া সড়কে উঠতেই বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাহবুবের মৃত্যু হয়। আহত অবস্থায় অন্য দুজনকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। সেখানে রাসেলের মৃত্যু হয়। আর শাহেদকে চিকিৎসা দেয়া হচ্ছে।

স্থানীয় বাসিন্দা রাকিবুল হাসান বলেন, বানৌজা পেকুয়া সড়কটির একপাশে লাকড়ির বড় একটি স্তূপ রয়েছে। ফলে মোহাজেরপাড়া থেকে কোনো গাড়ি মূল সড়কে উঠলে দেখা যায় না। মূলত এ কারণে দুর্ঘটনাটি ঘটেছে।

স্থানীয় বরইতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শহীদুল ইসলাম বলেন, একজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্যজনের মরদেহও বাড়িতে আনা হচ্ছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, মরদেহ দুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। নিহতদের পরিবারের সদস্যরা ময়নাতদন্ত ছাড়া তাদের দাফনের অনুমতি চেয়েছেন। যদি পরিবারের কোনো অভিযোগ না থাকে, তাহলে পুলিশ সেভাবেই পরবর্তী পদক্ষেপ নেবে।