ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের (প্রার্থিতা বাতিল ও গ্রহণ) বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) মোট ৬১০টি আপিল আবেদন জমা পড়েছে। এরমধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ৬০০টি এবং গ্রহণের বিরুদ্ধে ১০টি আপিল আবেদন রয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা যায়।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, আগামীকাল শনিবার (১০ জানুয়ারি) সকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিনের নেতৃত্বাধীন কমিশন নির্বাচন ভবনের বেজমেন্টে আপিলের শুনানি শুরু করবে। এ শুনানি চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে দুদফায় বিকাল ৪টা পর্যন্ত শুনানি অনুষ্ঠিত হবে। আবেদন ক্রমানুসারে প্রতিদিন ৭০টি করে আপিলের শুনানি হবে।

ইসির তথ্য অনুযায়ী, পাঁচ দিনে কমিশনের বুথগুলোতে প্রথম দিন ৪২টি, দ্বিতীয় দিন ১২২টি, তৃতীয় দিন ১৩১টি, চতুর্থ দিন ১৭৪টি এবং পঞ্চম ও শেষ দিনে ১৪১টি আপিল আবেদন জমা পড়ে।