লিথিয়াম ব্যাটারির যুগে প্রবেশ করল বাংলাদেশ। পরিবেশবান্ধব ও সময়োপযোগী এ লিথিয়াম আয়ন ব্যাটারি বাজারজাত করছে দেশের পরিবহন খাতের অন্যতম প্রতিষ্ঠান গাঙচিল গ্রুপ। গতকাল যশোরের হোটেল ওরিয়নে বাজারজাতের উদ্বোধন করেন গাঙচিল গ্রুপের কর্ণধার মিজানুর রহমান খানের মা মনোয়ারা বেগম।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তৃতা করেন যশোর প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, সম্পাদক এসএম তৌহিদুর রহমান, মোটরপার্টস ব্যবসায়ী কবি কাসেদুজ্জামান সেলিম, মশিয়ার রহমান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম বিভাগের সহযোগী অধ্যাপক ড. আমজাদ হোসেন, গাঙচিল গ্রুপের পরিচালক ওয়ালিউর রহমান খান ও ফজলুর রহমান খান, যশোর চেম্বার অব কমার্সের সাবেক সহসভাপতি সাজ্জাদুর রহমান সুজা, আশরাফুজ্জামান, মোটর ম্যাকানিক নওশাদ আলী, মাসুম শেখ প্রমুখ।

উদ্যোক্তা গাঙচিল গ্রুপের পরিচালক ওয়ালিউর রহমান খান বলেন, সম্পূর্ণ আধুনিক প্রযুক্তির এ লিথিয়াম আয়ন ব্যাটারি জাপানি প্রযুক্তি ও চায়না  প্যাটার্নের সংমিশ্রণে বাংলাদেশে যাত্রা করেছে। গত ৪ বছরের পরীক্ষা-নিরীক্ষার পর সম্পূর্ণ ত্রুটিমুক্ত পরিবেশবান্ধব এবং ২ বছরের ওয়ারেন্টি সুবিধা দিয়ে সারা দেশে এ লিথিয়াম আয়ন ব্যাটারির বাজারজাতকরণ কার্যক্রম শুরু হলো।

গাঙচিল গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান খান জানান, ব্যাটারির লাইফ টাইম নির্ধারণ করেছি চার বছর। এর মধ্যে প্রথম দুই বছরের সম্পূর্ণ বদলিজনিত ওয়ারেন্টির গ্যারান্টি দিচ্ছি আমরা। বাজারে প্রচলিত এসিডনির্ভর ব্যাটারি পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর প্রভাব বিস্তার করছে। সেদিন খুব বেশি দূরে নয়, যে দিন এ এসিডযুক্ত ব্যাটারির ব্যবহার শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে নিষিদ্ধ করা হবে। আমরা গাঙচিল গ্রুপ ‘মেড ইন বাংলাদেশ’ এ ব্র্যান্ডে এ লিথিয়ামযুক্ত ব্যাটারি একদিন বাংলাদেশসহ সারা বিশ্বে রফতানির লক্ষ্য নিয়ে একটু আগেভাগেই বাজারে চলে এলাম।