ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার তারাকুপি নামক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরের মধ্যে ট্রাক উল্টে পড়ে দুজন নিহত হয়েছে।

আজ শুক্রবার (২২ নভেম্বর) সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানান, বরিশালে মালামাল বিক্রি করে খালি ট্রাক ফরিদপুরের দিকে যাচ্ছিল।

পথিমধ্যে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে মহাসড়কের তারাকুপি এলাকা অতিক্রমকালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই ট্রাকচালক মুকুল হোসেন (৩৫) ও ব্যবসায়ী বাদল মোল্লা (৪০) নিহত হন।

নিহত ব্যবসায়ী বাদল মোল্লা ফরিদপুর জেলার ভাঙ্গা থানা এলাকার চুমুরদি গ্রামের মোতাহার মোল্লার ছেলে।

অপর নিহত ট্রাকচালকের পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি।

ওসি জানান, ট্রাকটি পুকুর থেকে উদ্ধার কার্যক্রম চলছে।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানিয়েছেন, রাতেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের চালক ও আরোহীকে মৃত অবস্থায় উদ্ধার করে হাইওয়ে থানা পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।