খুলনা-সাতক্ষীরা মহাসড়কে একটি যাত্রীবাহী থ্রি-হুইলারে বিপরীত দিক থেকে আসা তেলবাহী ট্রাকের ধাক্কায় তিনজন নিহত হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো চারজন।
শনিবার (১৭মে) সকাল ১১টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গোলনা এলাকায় ডুমুরিয়া ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত ওসি মো. মাসুদ রানা।
ওসি বলেন, শনিবার সকাল ১১টার দিকে একটি তেলবাহী ট্রাক খুলনা থেকে চুকনগর যাচ্ছিল। একই সময়ে চুকনগর থেকে খুলনা যাচ্ছিল যাত্রীবাহী একটি থ্রি হুইলার। খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গোলনা এলাকায় ডুমুরিয়া ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এলে থ্রি-হুইলারটিকে বিপরীত দিক থেকে আসা ট্রাকটি ধাক্কা দেয়। এতে থ্রি-হুইলারে থাকা সাত যাত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন- খুলনার কয়রা উপজেলার ভান্ডারপোল গ্রামের মাহিন্দ্রচালক রফিকুল ইসলাম গাজী, ওই উপজেলার কুশারডাঙ্গা গ্রামের মাইনুল ইসলাম সানা ও একই গ্রামের আব্দুর রশীদ।
আহতদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।










