পঞ্চগড়ের বোদা উপজেলার সীমান্তবর্তী গ্রাম থেকে পাঁচটি ভারতীয় গরু উদ্ধার করেছে পুলিশ। গতকাল ভোরে উপজেলার বড়শশী ইউনিয়নের সীমান্তবর্তী মালকাডাঙ্গা গ্রামে চোরাকারবারি ডালিম (৩৬) ও তার ছোট ভাই মামুনের (৩২) বাড়িতে অভিযান চালিয়ে গরুগুলো উদ্ধার করা হয়। গরুগুলোর আনুমানিক মূল্য ৪ লাখ টাকা।
পুলিশ জানায়, বড়শশী ইউনিয়নের মামুন ও ডালিম গরু চোরাকারবারি চক্রের সঙ্গে যুক্ত। রোববার অবৈধভাবে মালকাডাঙ্গা সীমান্ত দিয়ে তারা দেশে ভারতীয় গরু নিয়ে আসে। খবর পেয়ে পুলিশ সোমবার ভোরে মামুন ও ডালিমের বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা বাড়ি থেকে পালিয়ে যায়। পরে পুলিশ তাদের বাড়ি থেকে গরুগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে।
বোদা থানার ওসি আবু সাইদ চৌধুরী জানায়, তদন্তের পর মামুন ও ডালিমসহ জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে। গরুগুলো নিলামে বিক্রির কথা রয়েছে।









