কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পাখিউড়া সীমান্তে ভারত থেকে গরু আনতে যাওয়া এক বাংলাদেশীকে লক্ষ্য করে গুলি ছুঁড়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ ঘটনায় জামাল নামের এক বাংলাদেশী গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। তবে তার কোন খোঁজ পাওয়া যায়নি।
স্থানীয়রা জানায়, শনিবার ভোরে পাখিউড়া সীমান্ত পথে গরু চোরাচালান করতে গিয়ে বিএসএফের গুলিতে জামাল (২১) নামে এক বাংলাদেশী গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনার পরপরই গুলিবিদ্ধ জামালকে নিয়ে তার পরিবারের লোকজন গা ঢাকা দিয়েছে। তার বাড়িতে খোঁজ নিয়ে কাউকে পাওয়া যায়নি। মামলা এড়ানোর জন্য পরিবারের লোকজন তাকে নিয়ে গা ঢাকা দিয়ে থাকতে পারে বলে ধারণা স্থানীয়দের।
জামাল নারায়ণপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মন্ত্রীর চর গ্রামের লুৎফর রহমানের ছেলে বলে জানিয়েছেন ইউপি সদস্য শাহাদৎ।
এব্যাপারে কুড়িগ্রাম ২২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মো. মোহাম্মদ জামাল হোসেন জানান, নারায়ণপুর সীমান্তের পাখিউড়া সীমান্তে এক রাউন্ড গুলির শব্দ শুনতে পাওয়া গেছে বলে জানতে পেরেছি। একজন গুলবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেলেও এ ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এ ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হচ্ছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।










