ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনোদপুর ইউনিয়নের বাঙ্গরা বাজারে গতকাল ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তিন শতাধিক স্থাপনা উচ্ছেদ করেন। অভিযান পরিচালনায় সড়ক ও জনপথ বিভাগের জমি এবং খালের ওপর অবৈধভাবে নির্মিত স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়।
দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালী মহল নবীনগর থেকে কোম্পানীগঞ্জ চলাচলের রাস্তার উভয় পাশের জায়গাগুলো দখলে রেখেছিল। উচ্ছেদের সময় দুই শতাধিক টিনের দোকান ও শতাধিক একতলা ও দোতলা মার্কেট উচ্ছেদ করা হয়।
অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম ও সহকারী কমিশনার (ভূমি) মো. আবু মুছা। এ সময় সড়ক ও জনপথ বিভাগের ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী প্রকৌশলী মীর নিজামুদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করে ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ বিভাগ।









