বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সহযোগিতা সংস্থা ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কো-অপারেশন অর্গানাইজেশ (ডব্লিইএআইসিও) বা ওয়াইকোতে প্রাথমিকভাবে পর্যবেক্ষক (অবজারভার) হিসেবে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
শনিবার (১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার এবং বৈশ্বিক নীতিনির্ধারণী উদ্যোগে সম্পৃক্ততার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সে বার্তা বলা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, চীনের সাংহাইভিত্তিক আন্তঃসরকারি সংস্থা ওয়াইকো গত ১৬ জুলাই গঠিত হয়েছে।
সংস্থাটির ঘোষিত লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে আন্তর্জাতিক উদ্ভাবনী সহযোগিতা আরও গভীর করা, বৈশ্বিক ডিজিটাল বৈষম্য কমিয়ে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নকে উৎসাহিত করা, বৈশ্বিক এআই উন্নয়নের জন্য উন্মুক্ত, ন্যায্য ও বৈষম্যহীন পরিবেশ গড়ে তোলা এবং এআই প্রযুক্তি যাতে মানুষের জন্য নিরাপদ ও কল্যাণকর হয়, সে লক্ষ্যে প্রয়োজনীয় নীতিমালা ও নিয়ন্ত্রণব্যবস্থা এগিয়ে নেওয়া।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ প্রাথমিকভাবে সংস্থাটিতে পর্যবেক্ষক হিসেবে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
তবে কবে থেকে বাংলাদেশের পর্যবেক্ষক হিসেবে কার্যক্রম শুরু হবে বা এ বিষয়ে পরবর্তী আনুষ্ঠানিক প্রক্রিয়া কী হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।









