আসন্ন দুর্গা পূজা উপলক্ষে দেশে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. ময়নুল ইসলাম। তিনি বলেন, ‘পূজামণ্ডপগুলোয় পুলিশের সর্বোচ্চ সতর্কতা থাকবে এবং তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা হবে।’

গতকাল পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে দুর্গা পূজা উপলক্ষে আয়োজিত আইন-শৃঙ্খলাবিষয়ক সভায় সভাপতিত্বকালে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, ‘দুর্গা পূজাকে ঘিরে পূজার আগে, পূজা চলাকালীন এবং প্রতিমা বিসর্জন-পরবর্তী সময়ে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এরই মধ্যে পুলিশ পূজাকেন্দ্রিক নিরাপত্তা কার্যক্রম শুরু করেছে। কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের সাইবার মনিটরিংও জোরদার করা হয়েছে।’

সভায় উপস্থিত ছিলেন র‍্যাব মহাপরিচালক একেএম শহিদুর রহমান, ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নির্মল রোজারিও, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর এবং অন্য কর্মকর্তারা। আইজিপি বলেন, ‘পূজামণ্ডপে যেকোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশ সতর্ক রয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব রোধে পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে।’