বরিশাল নগরীর ১২ নম্বর ওয়ার্ডের ত্রিশ গোডাউন এলাকার বিআইপি সড়কে বসতবাড়িসহ প্রায় ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সিটি করপোরেশন। আজ বুধবার বেলা ১১টার দিকে সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী আবুল বাশারের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস জানান, নগরীর পর্যটনকেন্দ্র ত্রিশ গোডাউন এলাকায় প্রবেশের সড়কটি অনেকটা সরু ও খানাখন্দে ভরা। সড়ক প্রশস্তকরণ ও সংস্কারের লক্ষ্যে এসব অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়েছে।

কর্মকর্তারা জানান, পর্যটকদের সুবিধার্থে সড়কটি প্রশস্তকরণ ও সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ফলে সড়কের পাশে সিটি কর্পোরেশনের নিজস্ব জমিতে থাকা অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করে দখলমুক্ত করা হয়েছে।

এর আগে এসব অবৈধ স্থাপনা সরিয়ে নিতে সিটি করপোরেশনের পক্ষ থেকে দখলদারদের নোটিশ দেয়া হয়েছিল। কিন্তু কোনোভাবেই তারা দখল ছাড়তে হননি বলে কর্মকর্তারা জানান।

স্থানীয় বাসিন্দা আব্দুর রশিদ জানান, দীর্ঘদিন ধরে তারা ওই জমি ভোগদখল করে আসছেন। গত ২৩ বছর আগে সিটি করপোরেশন কর্তৃপক্ষের কাছ থেকে প্ল্যান পাশ করিয়েই ওই সম্পত্তিতে তিনতলা ভবন নির্মাণ করেছেন তিনি। ২০০৬ সালে প্রয়াত সাবেক মেয়র শওকত হোসেন হিরন তাদের উচ্ছেদ করতে চাইলে তিনি মামলা দায়ের করে ওই জমি ভোগদখলের আদেশ পেয়েছেন।

অন্যদিকে উচ্ছেদ অভিযান শুরু হওয়ার পর এর প্রতিবাদে মানববন্ধন করেন ক্ষতিগ্রস্থ এলাকাবাসী। নগরীর বিআইপি গেটের সামনে ঘণ্টাব্যাপী এ মানবন্ধন হয়।