ঘুর্ণিঝড় জাওয়াদের প্রভাবে ঝালকাঠি জেলায় গত দুদিন ধরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। এতে ৩৬ হাজার ৪১৮ হেক্টর জমির স্থানীয় জাতের আমন পাকা ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। আক্রান্ত হয়েছে চাষ হওয়া ৮ হাজার ৯৭ হেক্টরের ফসল। জেলার কৃষি বিভাগের একটি সূত্র এসব তথ্য দিয়েছে।
সূত্র বলছে, জেলায় এ বছর ৪৮ হাজার হেক্টর জমিতে স্থানীয় জাতের আমন ধানের আবাদ হয়েছে। এর মধ্যে ১১ হাজার ৫৮২ হেক্টরে আবাদ হওয়া উচ্চ ফলনশীল জাতের ধান কেটে ঘরে তুলেছেন কৃষকরা। তবে বৃষ্টির কারণে ক্ষতির মুখে পড়েছে ৩৬ হাজার ৪১৮ হেক্টর জমির ধান। অনবরত গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে এসব ধান মাঠে শুয়ে পড়েছে। তবে ক্ষতির সম্ভাবনা নেই।
চলতি মৌসুমে রবি ফসলের আওতায় খেসারি-মুসুর ডাল, শীতকালীন শাক-সবজি, আলু, মরিচ, চিনা বাদাম ও গম চাষের জন্য কৃষকরা মাঠ প্রস্তুত করে বীজ ফেলেছে। অনাকাঙ্খিত বৃষ্টির কারণে চাষ হওয়া ৮ হাজার ৯৭ হেক্টরে আবাদ আক্রান্ত হয়েছে। চাষ করা হয়েছে মোট ১২ হাজার ১৪৭ হেক্টর জমির ফসল।
কুষকরা বলছেন বৃষ্টির কারণ জমিতে ধান থাকলে তাতে চিটা পড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া অন্যান্য ফসলেরও ক্ষতি হতে পারে।
আক্রান্ত হওয়া ফসলের কতভাগ ক্ষতি হবে, তা আবহাওয়া ভালো হওয়ার পরই নিরুপণ করা যাবে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ বিভাগ।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. ফজলুল হক বলেন, কৃষকরা মানসিক ভাবে ভেঙে পড়েছেন। আমরা মাঠ পর্যায়ে গিয়ে তাদের সঙ্গে কথা বলছি। আবহাওয়া ভালো হলে সামগ্রিগ বিষয় বিবেচনা করা হবে।









