রাজধানীর পুরান ঢাকার আরমানি টোলার একটি ভবনের সিঁড়ি থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোরবার সন্ধ্যার দিকে স্থানীয় মানুষেরা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে বংশাল থানার পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) মল্লিক আহসান। ওই শিক্ষার্থীর নাম জুবায়েদ হোসেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি ছিলেন।
ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন বলেন, ছুরিকাঘাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মারা যাওয়ার খবর পেয়েছেন। সেখানে তিনি ছাত্র পড়াতেন। মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে বংশাল থানার পুলিশের সদস্যরা কাজ করছেন। আমিও সেখানে যাচ্ছি। ঘটনার বিস্তারিত পরে জানাতে পারব।’
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ তাজাম্মুল হক বলেন, ঘটনা শোনামাত্রই আমি সেখানে রওনা দিয়েছি। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে ছুরিকাঘাতে মৃত্যু হয়েছে। আশপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে বলেছি। তারা সেটি সংগ্রহ করার চেষ্টা করছে।










