বগুড়ার আদমদীঘির সান্তাহারে জমিসংক্রান্ত বিরোধের জেরে ভাগ্নের হামলায় আহত মামা আবুল কালাম আজাদের মৃত্যু হয়েছে। ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি মারা যান। গতকাল দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মহসীন আলী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। হামলাকারী ভাগ্নে সাদ্দাম পলাতক রয়েছেন।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সান্তাহার ইউপির উথরাইল জাহানাবাজ গ্রামের মৃত শাহাদত হোসেনের ছেলে ও সান্তাহার পৌর বালিকা উচ্চবিদ্যালয়ের ক্লার্ক আবুল কালাম আজাদের সঙ্গে তার ভাগ্নে একই গ্রামের আনোয়ার হোসেন ওরফে সাদ্দামের মধ্যে দীর্ঘদিন জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে উভয় পক্ষ সমঝোতার জন্য কয়েক দফা চেষ্টা করে ব্যর্থ হয়েছে। সর্বশেষ গত ১ এপ্রিল সকালে জমি মাপজোক করতে ভাগ্নে সাদ্দাম তার মামাকে উপস্থিত হতে বলেন। কিন্তু তার মামা ওই সময় উপস্থিত না হওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে তাকে খুঁজে বের করে চাপাতি দিয়ে কুপিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এতে শরীর থেকে তার হাত-পা বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হয়। গুরুতর আহত আবুল কালাম আজাদকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নেয়ার পর অবস্থার অবনতি ঘটলে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। এক সপ্তাহ ধরে সেখানে চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় তার মৃত্যু হয়।
আদমদীঘি থানার এসআই হয়রত আলী জানান, হামলার দিন রাতেই নিহতের ভাই আব্দুস সালাম বাদী হয়ে থানায় একটি মামলা করেন। আসামি আনোয়ার হোসেন সাদ্দাম পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে তত্পরতা চালানো হচ্ছে।










