ঝালকাঠির সুগন্ধা নদীতে সাগর নন্দীনি-৩ নামের একটি জ্বালানি তেলবাহী জাহাজে বিস্ফোরণে সুকানি কামরুল ইসলাম নিহত ও সাত শ্রমিক দগ্ধ হয়েছেন। গতকাল সকালে সাড়ে ৮টার দিকে শহরের পৌর খেয়াঘাটে নোঙর করা অবস্থায় জাহাজটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্ফোরণে জাহাজের তলা ফেটে পানি ঢুকছে। এতে জাহাজটি ডুবে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

প্রতক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৮টার দিকে জাহাজের পাম্পরুম থেকে অকটেন খালি করার সময় পাইপের মধ্যে বিস্ফোরণ ঘটে। এ সময় ওই রুমে আগুন ধরে যায়। এতে জাহাজের আট শ্রমিক দগ্ধ হন। এর মধ্যে সুকানি কামরুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। পরে ফায়ার সার্ভিস সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

জেলা প্রশাসক মো. জোহর আলী ও পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন ঘটনাস্থল পরিদর্শন করে জাহাজের তেল দ্রুত সরিয়ে নেয়ার নির্দেশ দেন।

বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কোবাদ আলী সরদার জানান, ১ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বিস্ফোরণে জাহাজের তলা ফেটে পানি ঢুকছে। জাহাজটি যাতে পানিতে ডুবে না যায়, তার জন্য চেষ্টা চলছে। ভেতরে থাকা জ্বালানি তেল খালাসের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি।