ক্যাম্পাসে নির্যাতনমুক্ত পরিবেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা সোচ্চার টর্চার ওয়াচডগ বাংলাদেশের স্টুডেন্টস ক্লাব সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্ক। শনিবার (১১ জানুয়ারি) রাতে ভার্চুয়াল প্ল্যাটফর্ম জুমে ক্লাবের কমিটি গঠন অনুষ্ঠানের মাধ্যমে এটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোচ্চারের ভিক্টিম সাপোর্ট বিভাগের ডিরেক্টর ড. মাহফুজুল হাসান। ক্লাবের লক্ষ্য ও কার্যক্রম তুলে ধরেন সোচ্চারের প্রেসিডেন্ট ড. শিব্বির আহমদ। এছাড়া উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয় চ্যাপ্টারের সভাপতি মুকুল আহমেদ।

সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্ক ক্যাম্পাসকেন্দ্রিক মানবাধিকার কর্মসূচি, নির্যাতন ডকুমেন্টেশন, নিরাপদ ক্যাম্পাস তৈরির অ্যাডভোকেসি ও মানবাধিকার কর্মী তৈরির লক্ষ্যে কাজ করে। এরই মধ্যে এটি ববি, রাবি, শাবিপ্রবি, কুবি ও চবিতে গঠিত হয়েছে।

অনুষ্ঠানে সদস্যদের প্রত্যক্ষ ভোটে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের আব্দুল্লাহ আল রাহাত সভাপতি ও হিসাববিজ্ঞান বিভাগের সাগর আহমেদ শিবলু সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তারা উভয়েই ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি মোশাররফ হোসাইন ও রাসেল আহমেদ ও যুগ্ম সাধারণ সম্পাদক মারিয়াম আক্তার চৈতী।

অনুষ্ঠানে নবনির্বাচিত সদস্যরা শুভেচ্ছা বক্তব্য রাখেন। সংক্ষিপ্ত বক্তব্যে সবাই ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও নির্যাতনমুক্ত ক্যাম্পাস গড়ে তোলার অঙ্গীকার করেন।