কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবের ইউনিয়নের পুরাচর গ্রামে শাপলা তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা মামাতো-ফুফাতো বোন।
স্থানীয়রা জানায়, আজ শুক্রবার সকাল ১০টার দিকে ছলিম উদ্দিনের মেয়ে আমেনা খাতুন (৮) ও হাফিজুর রহমানের মেয়ে জিনিয়া আক্তার (৭) বাড়ির পাশের বিলে শাপলা তুলতে যায়। শাপলা তোলার এক পর্যায়ে তারা গভীর পানিতে চলে যায়। এক পথচারী শিশু দুটিকে পানিতে তলিয়ে যেতে দেখে চিৎকার করে ডাকাডাকি করেন। তখন স্থানীয়রা ছুটে এসে উদ্ধারের চেষ্টা চালায়। দীর্ঘ সময় পর তাদের উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।
রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাজমুল পানিতে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।










