পরিবার পরিকল্পনা কার্যক্রম আরো গতিশীল ও কার্যকর করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, জনগণের দোরগোড়ায় পরিবার পরিকল্পনা সেবা পৌঁছে দিতে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে।

লক্ষ্মীপুরে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন পানিসম্পদমন্ত্রী। শনিবার (২৫ এপ্রিল) শহরের কালেক্টরেট স্কুল রোডে মন্ত্রীর নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন কার্যক্রম, সেবা প্রদান, সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এ সময় কর্মকর্তারা মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে নানা সমস্যার কথা তুলে ধরেন। পাশাপাশি সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার প্রত্যাশা জানান।

পানিসম্পদমন্ত্রী বলেন, পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরো কার্যকর করতে সবাইকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। মানুষের কাছে দ্রুত ও সহজভাবে সেবা পৌঁছে দিতে সব পর্যায়ে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

সভা শেষে অংশগ্রহণকারীরা পরিবার পরিকল্পনা সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশা প্রকাশ করেন।

সভায় পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক নাজমুল হাসান, সহকারী পরিচালক মাহবুব হাসান এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।