ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সাম্প্রতিক কার্যকলাপ ও সীমান্তে উত্তেজনার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন। আজ রোববার (১২ জানুয়ারি) বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে প্রণয় ভার্মার কাছে বাংলাদেশ সরকারের এ গভীর উদ্বেগের কথা প্রকাশ করেন তিনি।
পররাষ্ট্র সচিব বলেন, বিএসএফের অনুমোদনহীন কাঁটাতারের বেড়া নির্মাণ ও তাদের অপারেশনাল পদক্ষেপ সীমান্তে উত্তেজনা বাড়াচ্ছে। তিনি আরো বলেন, এ ধরনের কর্মকাণ্ড দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করছে।
তিনি আশা প্রকাশ করে জানান, আসন্ন বিজিবি-বিএসএফ ডিজি পর্যায়ের বৈঠকে বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা হবে।
সম্প্রতি সুনামগঞ্জে বিএসএফের হাতে এক বাংলাদেশি নাগরিকের হত্যার কথা উল্লেখ করে পররাষ্ট্রসচিব গভীর উদ্বেগ ও হতাশা প্রকাশ করেছেন। তিনি এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে সীমান্তে হত্যা বন্ধে ভারতীয় কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। সচিব বলেন, ভারত বারবার অপ্রাণঘাতী কৌশল অনুসরণ ও হত্যা বন্ধ করার প্রতিশ্রুতি দিলেও তা এখনো বন্ধ হচ্ছে না।
পররাষ্ট্র সচিব ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সীমান্তে উত্তেজনা সৃষ্টি করতে পারে এমন পদক্ষেপ থেকে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিরত থাকতে হবে।
এ সময় সীমান্ত সংক্রান্ত সমস্যাগুলো সমাধানে গঠনমূলক সংলাপের ওপর জোর দেন পররাষ্ট্র সচিব। তিনি বলেন, বিদ্যমান দ্বিপাক্ষিক চুক্তি অনুসারে আলোচনার মাধ্যমে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব।










