ভারত বাংলাদেশের পাশে ছিল, বর্তমানে আছে ও ভবিষ্যতেও থাকবে বলে জানিয়েছেন ত্রিপুরা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী রামপ্রসাদ পাল। আজ শনিবার সকালে রাজশাহী নগরীর সিঅ্যান্ডবি মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।
রামপ্রসাদ পাল বলেন, বাংলাদেশের জন্য ভারতের ১৪০ কোটি মানুষের উদার ভালবাসা রয়েছে। ভারত বাংলাদেশের বন্ধুরাষ্ট্র। মুক্তিযুদ্ধের সময় থেকে আজ অবধি দুই দেশের সম্পর্ক অটুট রয়েছে। তাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ-ভারত সম্পর্ককে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চান। সেই চেষ্টা অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন তিনি।
ভারত-বাংলাদেশ পঞ্চম সাংস্কৃতিক মিলনমেলায় যোগ দিতে গতকাল শুক্রবার রাজশাহী পৌঁছেছেন ত্রিপুরা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী। সাংস্কৃতিক মিলনমেলায় অংশ নিতে পেরে নিজেকে ভাগ্যবান বলে মনে করেন রামপ্রসাদ পাল।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। তিনি সাংবাদিকদের বলেন, এই আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ ও ভারতে একটা বার্তা যাবে যে, আমরা বন্ধুত্বকে গুরুত্ব দিচ্ছি। এই সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে পরবর্তীতে আমরা আমাদের বাণিজ্য প্রসারেও কাজে লাগাতে পারবো।
এরপর নগর ভবনের গ্রীন প্লাজায় রাজশাহী সিটি করপোরেশকে ভারত সরকারের পক্ষ থেকে একটি নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) এ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়। পাঁচবারের এই মিলনমেলার আয়োজক প্রতিষ্ঠান ফ্রেন্ডস অব বাংলাদেশ। এই উৎসব দুই দেশের সম্পর্ককে আরো এগিয়ে নেবে বলে আশাবাদি আয়োজকরা।










