তৈরি পোশাক রফতানিকারকদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচার অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সাবেক সহ-সভাপতি (অর্থ) হুমায়ুন কবির খাঁন শিল্পী মারা গেছেন (ইন্না...রাজিউন)। তার বয়স হয়েছিল ৫২ বছর। 

হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল শুক্রবার (১৯ ডিসেম্বর) দিবাগত মধ্য রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হুমায়ুন কবির খাঁন শিল্পী নারায়ণগঞ্জ ফিল্ম সোসাইটির সভাপতিও ছিলেন।

হুমায়ুন কবির খাঁন শিল্পীর মৃত্যুতে দেশের পোশাক শিল্প মালিকদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। বিকেএমইএ ও বিজিএমইএ এর পক্ষ থেকে শোক জানানো হয়েছে।

মরহুমের প্রথম নামাজে জানাজা আজ শনিবার (১৯ ডিসেম্বর) বাদ জোহর নগরীর টানবাজার জামে মসজিদে এবং দ্বিতীয় জানাজা আড়াইটায় মাসদাইর কেন্দ্রীয় গোরস্থান মসজিদে অনুষ্ঠিত হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিকেএমইএ এর পক্ষ থেকে প্রতিষ্ঠানটির সভাপতি নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান ও জৈষ্ঠ সহ-সভাপতি মোহাম্মদ হাতেম শোক প্রকাশ করে বলেন, আমাদের দীর্ঘদিনের সহকর্মী হুমায়ুন কবির খাঁন শিল্পীর মৃত্যুতে পোশাক শিল্পে শূন্যতার সৃষ্টি হল। এই শূন্যতা অপূরণীয়। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।