বিশ্ববিদ্যালয়ের গবেষণাকে শিল্পমুখী করতে ও নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম ‘ইনকিউবেশন হাব’ চালু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের মলিকুলার বায়োলজি অ্যান্ড প্রোটিন সায়েন্স ল্যাবরেটরির উদ্যোগে কেন্দ্রটি প্রতিষ্ঠা করা হয়েছে।
শনিবার (৭ জানুয়ারি) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব ও ল্যাবরেটরিটির প্রধান গবেষক অধ্যাপক মো. আবু রেজা এ হাবের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, উদ্যোক্তা তৈরি করে বাজারের সাথে সংযোগ স্থাপন করতে এ ইনকিউবেশন হাব একটি গুরুত্বপূর্ণ মডেল হিসেবে কাজ করবে। বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে এর আগে এমন পদক্ষেপ নেয়া হয়নি। তিনি আশা প্রকাশ করে বলেন, ল্যাবরেটরিটি দেখে আগামী এক বছরের মধ্যে অন্য বিভাগগুলোও এখন এমন কাজ শুরু করবে। উদ্যোগটির মাধ্যমে শিক্ষার্থীরা উদ্ভাবনভিত্তিক ব্যবসার বাস্তব অভিজ্ঞতা পাবে।
ইনকিউবেশন হাবের প্রধান গবেষক অধ্যাপক মো. আবু রেজা জানান, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের গবেষণাগুলোকে বাণিজ্যিক রূপ দিতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। বর্তমানে বায়োটেকনোলজির অধিকাংশ পণ্য বিদেশ থেকে আমদানি করতে হয়। অথচ এসব পণ্য দেশেই উৎপাদন করা সম্ভব। এরই মধ্যে ৮টি পণ্য তৈরির পরিকল্পনা নেয়া হয়েছে। এসব পণ্য শুরুতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে বিনামূল্যে সরবরাহ করা হবে বলে তিনি জানান।
তিনি আরো বলেন, এ হাবে নতুন ব্যবসায়িক ধারণাগুলো পূর্ণাঙ্গ রূপ পাবে। এর মাধ্যমে মেধাবী শিক্ষার্থীরা সার্টিফিকেট অর্জনের পাশাপাশি হাতে-কলমে প্রশিক্ষণ নিয়ে নিজেদের কোম্পানি গড়ে তুলতে পারবে। প্রাথমিকভাবে এসব গবেষণা ইনকিউবেশন হাবে উন্নয়ন করা হবে এবং পরবর্তীতে বিভিন্ন কোম্পানির অর্থায়নে সেগুলো বাণিজ্যিকভাবে বাজারজাত করা হবে। এতে করে দেশের আমদানি নির্ভরতা কমবে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদারসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও ইনভেন্ট টেকনোলজি লিমিটেডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে গবেষণা ও উদ্যোক্তা সৃষ্টিতে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। এর ফলে দেশীয় উৎপাদন বাড়বে এবং দেশ স্বনির্ভরতার পথে আরো একধাপ এগিয়ে যাবে।










