বিদ্যমান সংবিধান বাতিল করে নতুন সংবিধান আনতে হবে এবং বর্তমান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে জনগণের রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে হবে বলে মন্তব্য করেছেন কবি ও চিন্তক ফরহাদ মজহার। গতকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে প্রতিবাদী নাগরিক সমাজ আয়োজিত ‘গণ-অভ্যুত্থান ও আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
ফরহাদ মজহার বলেন, ‘বর্তমান সংবিধানের অধীনে যারা এখন উপদেষ্টা হয়েছেন, তারা ফ্যাসিস্ট সরকারের উপদেষ্টা। এ সংবিধান বাতিল করতে হবে। কেননা এটি ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের সংবিধান। তাই এ সংবিধান তো মেনে নেয়া যায় না। নতুন সংবিধানের আলোকে ড. মুহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতির দায়িত্ব নিতে হবে।’
তিনি বলেন, ‘এ রাষ্ট্রপতিকে পদত্যাগ করিয়ে ড. ইউনূসকে জনগণের রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে হবে। এক্ষেত্রে সংবিধানে আমাদের অলিখিত মনোভাবগুলো স্থান দিতে হবে।’










