ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বামন চন্দ্র উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগে অসদুপায় অবলম্বনের অভিযোগ উঠেছে। স্বজনপ্রীতি ও উেকাচ গ্রহণের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, অনিয়মের মাধ্যমে সহকারী প্রধান শিক্ষক পদে শিলা পারভীনকে নিয়োগ দেয়া হচ্ছে, এমন অভিযোগ তোলেন ওই ইউনিয়নের কালীনগর গ্রামের জাকির হোসেন মন্টু ফকির। গত রোববার ফরিদপুর জেলা প্রশাসক বরাবর তিনি একটি লিখিত অভিযোগ জমা দেন। বুধবার অভিযোগের ভিত্তিতে বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক ওই বিদ্যালয়ে উপস্থিত হয়ে নিয়োগ পরীক্ষা স্থগিত ঘোষণা করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, শিলা পারভীন রূপাপাত বামন চন্দ্র উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মিজানুর রহমান মোল্যার স্ত্রী।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহিম বলেন, অভিযোগের ভিত্তিতে আমরা নতুন করে প্রশ্নপত্র তৈরি করে পরীক্ষা নেয়ার প্রস্তাব দিই। এতে কমিটির সভাপতি রাজি না হওয়ায় পরীক্ষা স্থগিত করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক বলেন, রূপাপাত বামন চন্দ্র উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ পরীক্ষায় স্বজনপ্রীতি ও অনিয়ম হচ্ছে, এমন অভিযোগ পেয়ে ওই বিদ্যালয়ে যাই। এ সময় নতুন করে প্রশ্নপত্র তৈরি করে পরীক্ষা নেয়ার প্রস্তাব ওঠে। কিন্তু এ প্রস্তাবে কমিটির অন্য সদস্যরা রাজি না হওয়ায় নিয়োগ পরীক্ষা স্থগিত হয়েছে।









