গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার ও সংবাদমাধ্যমের মধ্যে ভারসাম্য রাখা জরুরি বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, বর্তমান বাস্তবতায় ভারসাম্যপূর্ণ স্বাধীনতার দিকে এগোতেই হবে। শনিবার (২ মে) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক এবং দৈনিক বণিক বার্তার সম্পাদক ও প্রকাশক দেওয়ান হানিফ মাহমুদ, সংবাদপত্র মালিকদের সংগঠনের (নোয়াব) সভাপতি মতিউর রহমান চৌধুরী, বাংলাদেশে ইউনেস্কোর প্রতিনিধি ড. সুসান ভাইজ, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার এবং উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী উপস্থিত ছিলেন।
তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যম ও সাংবাদিকতার সংজ্ঞা বদলে গেছে। এ পরিবর্তিত বাস্তবতায় ভারসাম্য না থাকলে সমাজ, অর্থনীতি ও সভ্যতার গতির সঙ্গে তাল মেলানো কঠিন হবে। চলমান ব্যবস্থায় ভারসাম্য না থাকলে সবাইকে বিপদে পড়তে হতে পারে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরো বলেন, সরকারের ভূমিকা ব্যবস্থাপনার মধ্যে সীমিত থাকা উচিত। কিন্তু দেশের রাজনৈতিক ব্যবস্থায় সরকারের কর্তৃত্বই বেশি গুরুত্ব পাচ্ছে। সেবামুখী দৃষ্টিভঙ্গির পরিবর্তে ক্ষমতা ধরে রাখার প্রবণতা বাড়ছে, যা সঠিক নয় বলে তিনি মনে করেন।
মন্ত্রী বলেন, শুধু সরকার নয়, গণমাধ্যমের মালিকপক্ষও অনেক সময় নিজেদের স্বার্থে গণমাধ্যমের ক্ষমতা ব্যবহার করেছেন। কেউ কেউ অবৈধ অর্থকে বৈধ করার জন্যও এটি ব্যবহার করেছেন বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, এমন পরিস্থিতিতে সাংবাদিকদের একটি অংশও প্রভাবের বাইরে নেই। অনেক ক্ষেত্রে তারা দরকষাকষির অবস্থানে চলে যাচ্ছেন, যা উদ্বেগজনক।
তথ্যমন্ত্রী বলেন, শুধু তথ্যের স্বাধীনতা নয়, তথ্যের মান নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। সঠিক ও নির্ভরযোগ্য তথ্য নিশ্চিত করতে হলে কিছু নিয়মের মধ্যে থাকতে হবে বলে তিনি মত দেন।










